ডেইলি ক্রাইসিস বিডি | রাজনৈতিক প্রতিবেদক
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নৈশভোজে অংশ নিয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকায় রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এ সৌহার্দ্যপূর্ণ আলোচনায় দুই পক্ষই আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। নৈশভোজে দলীয় ও কূটনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ডেইলি ক্রাইসিস বেটিকে জানান, ফিলিস্তিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে আয়োজিত এ নৈশভোজ ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে ফিলিস্তিনের চলমান পরিস্থিতি ও বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের ফিলিস্তিন সমর্থন নিয়ে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, বিএনপি সবসময় ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এ অবস্থান অটল থাকবে।
কূটনৈতিক মহলে এ নৈশভোজকে দুই পক্ষের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।