পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের প্রচারণায় হামলা, গুলিবর্ষণ, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
২৭ নভেম্বর পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ঘটনাটির নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিকেলে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি জগির মোড় এলাকায় এ হামলা চালানো হয়। হামলায় প্রার্থীর গাড়ি ভাঙচুর এবং শতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এর আগের দিনও একই এলাকায় জামায়াত সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরওয়ারের দাবি, ধারাবাহিক এসব হামলা নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা।
তিনি ঘটনার দ্রুত তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার এবং আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, তারা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যেতে চায় এবং সহিংসতার বিরুদ্ধে সাংগঠনিক অবস্থান বজায় থাকবে।