জাতির উদ্দেশে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ
ঢাকা | বিশেষ প্রতিবেদন
প্রিয় দেশবাসী—শিশু-কিশোর, তরুণ-যুবক, ছাত্রছাত্রী, নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ সকলকে
আমার আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানাই।
আসসালামু আলাইকুম।
মহান বিজয় দিবস উপলক্ষে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে জানাই আন্তরিক অভিনন্দন ও বিজয়ের শুভেচ্ছা। আজ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত বিজয়। লাখো শহীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ এবং আমাদের লাল-সবুজের পতাকা।
গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধসহ প্রজন্মের পর প্রজন্ম ধরে স্বাধীনতার সংগ্রামে আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদকে। তাঁদের ত্যাগ আমাদের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রাণিত করে এবং প্রতিটি সংকটে মুক্তির পথ দেখায়।
মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে উদিত স্বাধীনতার সূর্য সাম্প্রতিক বছরগুলোতে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের কারণে ম্লান হয়ে পড়েছিল। তবে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আবারও বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন-সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।
অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত ব্যাপক সংস্কার কর্মসূচির মাধ্যমে জনগণের সক্রিয় অংশগ্রহণে আমরা একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের ভিত্তি নির্মাণের পথে এগিয়ে চলেছি।
গভীর উদ্বেগের বিষয়
প্রিয় দেশবাসী,
আজ আনন্দের এই দিনে গভীর বেদনাহত হৃদয়ে আমাকে একটি দুঃখজনক সংবাদ জানাতে হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সাম্প্রতিক হামলা কোনো ব্যক্তির ওপর হামলা নয়—এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সরাসরি আঘাত।
শরিফ ওসমান হাদী বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ইতোমধ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আমি সকলকে তাঁর দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানাচ্ছি।
এই ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। আমি জাতিকে আশ্বস্ত করছি—এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত কাউকেই, তারা যেখানেই থাকুক, ছাড় দেওয়া হবে না।
পরাজিত ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এই নৃশংস অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করা হবে। ভয়, সন্ত্রাস বা রক্তপাতের মাধ্যমে কেউ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে পারবে না।
আমি সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। গুজব ও অপপ্রচারে কান দেবেন না। আমরা ঐক্যবদ্ধভাবে অস্থিতিশীলতা সৃষ্টিকারী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তারা আর কখনো এই পবিত্র ভূমিতে ফিরে আসতে পারবে না।
তরুণদের সুরক্ষা
প্রিয় দেশবাসী,
তরুণদের রক্ষা করুন—তাহলেই দেশ রক্ষা পাবে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা বুঝে গেছে যে আমাদের তরুণরাই তাদের ফিরে আসার পথে সবচেয়ে বড় বাধা। নিরস্ত্র, সাহসী ও আত্মত্যাগী এই তরুণ-তরুণীরা তাদের আতঙ্কের কারণ।
নির্বাচনের আগে তারা এই বাধা সরাতে চায় এবং নানা কৌশলে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। এই গুপ্তহত্যার চেষ্টা তারই একটি রূপ। তারা আরও ভয়ংকর পরিকল্পনা করছে।
দেশবাসীকে এক কণ্ঠে বলতে হবে—আমরা আমাদের তরুণদের রক্ষা করব। মাত্র দুই মাস পর নির্বাচন। আমরা প্রতিটি দিনকে উৎসবের মতো করে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করব।
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য
প্রিয় দেশবাসী,
জাতীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি আমাদের সকলের জন্য উদ্বেগের।
অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই তাঁর চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তাঁর অবদান ও জাতির প্রতি দায়িত্ব বিবেচনায় সরকার তাঁকে রাষ্ট্রের ভিআইপি ঘোষণা করেছে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও বিবেচনাধীন রয়েছে।
বিচার, সংস্কার ও নির্বাচন
অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তিনটি বিষয়ে—
১. জুলাই–আগস্ট হত্যাকাণ্ডের বিচার
২. রাষ্ট্রের কাঠামোগত সংস্কার
৩. একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বচ্ছ ও আইনসম্মত প্রক্রিয়ায় ফ্যাসিবাদী শাসনের প্রধান হোতা শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করেছে। সরকার ভারতের কাছে তাঁকে ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রত্যর্পণ চেয়েছে।
জুলাই জাতীয় সনদ ও গণভোট
রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য জুলাই জাতীয় সনদ জারি করা হয়েছে। আসন্ন নির্বাচনের সঙ্গে সঙ্গে এই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে নিজেদের মতামত জানাবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনকে সরকার পূর্ণ সহায়তা দিচ্ছে।
ঐক্যের আহ্বান
প্রিয় দেশবাসী,
আমরা নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এই দেশ আমাদের, এর ভবিষ্যৎও আমাদের হাতে। আসুন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি নিরাপদ, সুখী ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।
মহান বিজয় দিবসে আবারও সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
আল্লাহ হাফেজ।