সুদানে শাহাদাতবরণকারী ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর নামাজে জানাযা অনুষ্ঠিত
ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৫: গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হওয়া ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর নামাজে জানাযা আজ ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
নামাজে জানাযায় অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ।
জানাযার পূর্বে শহীদ শান্তিরক্ষীদের জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয় এবং নিকট আত্মীয়গণ বক্তব্য রাখেন। এরপর জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে ইউনিসফা চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার মি. বরিস-এফ্রেম চৌমাভি বক্তব্য প্রদান করেন। নামাজ শেষে শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টার পক্ষে সামরিক সচিব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে ইউনিসফা-এর চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার জাতিসংঘের পতাকা শহীদদের নিকট আত্মীয়দের হাতে হস্তান্তর করেন। এছাড়া প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত পৃথক শোকবার্তাও পরিবারের কাছে প্রদান করা হয়।
এই ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ইতিমধ্যেই তীব্র নিন্দা জানিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র প্রেরণ করেছে এবং ইউনিসফাসহ সকল মিশন এলাকায় ড্রোন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
হামলায় ৬ জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি ৯ জন আহত হন। আহতদের মধ্যে ৮ জন কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল–৩) এ চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত আছেন।
এই বর্বরোচিত হামলা শান্তিরক্ষীদের উপর সন্ত্রাসী হামলার ভয়াবহ চিত্র তুলে ধরে। দেশের জন্য শান্তি রক্ষায় জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি রাষ্ট্রীয় ও জাতিসংঘের সম্মান প্রদর্শন যথাযথভাবে সম্পন্ন হয়েছে