ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৫:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটকে সামনে রেখে সারাদেশে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি—‘সুপার ক্যারাভান’।
সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রচারণা কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে ফিতা কেটে সুপার ক্যারাভানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট—এই দুই গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের ভবিষ্যৎ পথনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, “এই লক্ষ্য সামনে রেখেই ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান—যাত্রা শুরু করেছে। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের শক্তিশালী বার্তা ছড়িয়ে দেবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “ভোটাধিকার কারো দয়া নয়—এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি, আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব।”
সুপার ক্যারাভানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “এই ক্যারাভান কেবল কয়েকটি গাড়ির বহর নয়—এটি গণতন্ত্রের আনন্দবানী বহনকারী একটি যাত্রা। এটি মানুষকে মনে করিয়ে দেবে, একটি ভোট কতটা শক্তিশালী এবং নিষ্ক্রিয়তা নয়, সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রকে সুদৃঢ় করে।”
প্রধান উপদেষ্টা বিশেষভাবে তরুণ সমাজ, নারী ভোটার ও প্রথমবারের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা এগিয়ে আসুন। প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনাদের সিদ্ধান্তই গড়ে তুলবে আগামী দিনের বাংলাদেশ—নতুন বাংলাদেশ।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা—থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।”
জুলাই জাতীয় সনদের বিষয়ে তিনি বলেন, “এবারের নির্বাচনে আপনি শুধু সংসদ সদস্য নির্বাচনের ভোটই নয়, জুলাই জাতীয় সনদের ওপরও ভোট দেবেন। দীর্ঘ নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও বৈঠকের মাধ্যমে এই সনদ প্রণয়ন করা হয়েছে। জনগণ যদি এটি সমর্থন করে, তবে দেশ আগামী বহু বছর নিরাপদ ও স্থিতিশীল পথে এগিয়ে যাবে। আপনি যদি এই সনদ সমর্থন করেন, গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিন।”
শেষে প্রধান উপদেষ্টা বলেন, “চলুন, আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। ভোট দিন—নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং নতুন বাংলাদেশের জন্য।”
ভোটাধিকার ও গণতন্ত্রের বার্তা নিয়ে পথে নামলো ‘সুপার ক্যারাভান’
Previous Article৭১ সালকে পুঁজি করে আর কোনো চেতনা-ব্যবসা চলবে না” জহিরুল ইসলাম
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000