ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি জেলা রিটার্নিং অফিসার ইশরাত ফারজানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“দীর্ঘদিন পর আমরা জনগণের ভোটের অধিকার ফিরে পেয়েছি। এই সুযোগকে কাজে লাগিয়ে ঠাকুরগাঁওয়ের আর্থ-সামাজিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনের মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকা গড়ে তুলতে চান তিনি। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে বিএনপি মহাসচিব বলেন,
“সকলে আমার জন্য দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দেবেন।”
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।