ঝিনাইদহ | রোববার, ৪ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডালবোঝাই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে ট্রাকের হেলপার মুবারক হোসেন (২০) এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে ডালবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছানোর পর চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে সেটি ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের শৈলকুপা ও ঝিনাইদহ স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিস যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, ভোরের দিকে হেলপার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল প্রায় ৮টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।