বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের বর্তমান সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা বহাল থাকলে আগামী পাঁচ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানও শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে পারেন। ফ্যাসিবাদ ঠেকাতে সংবিধান ও রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় বরগুনা পৌর শহরের সিরাজউদ্দিন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস বরগুনা জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে এমনভাবে ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে যে, এই চেয়ারে যিনি বসবেন, তিনি দুই-চার-পাঁচ বছরের মধ্যে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পাবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সংবিধানকে তিনি ‘ফ্যাসিবাদ তৈরির মূল কারখানা’ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, নতুন বাংলাদেশে পুলিশ কোনো রাজনৈতিক দলের পেটোয়া বাহিনী হবে না; পুলিশ হবে জনগণের সেবক। প্রশাসনকে দলনিরপেক্ষ করতে হবে এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।
জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, স্বাধীন বিচার বিভাগ, দলনিরপেক্ষ পাবলিক সার্ভিস কমিশন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলীয় সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। তিনি নির্বাচন কমিশনকে দলীয় প্রভাবমুক্ত ও সর্বজনগ্রাহ্য করার আহ্বান জানান।