ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় সভা শেষে ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।
সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, সদস্য সচিব এসএম শাহরিয়ারসহ দুই মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং নাগরিক ইস্যুতে আন্দোলন গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকা এবং আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার ওপর নজরদারি ও ওয়ার্ডভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেন।