সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৪ কোটি ৬২ লাখ টাকার তিনটি গাড়ি ও এক কোটি ৬৩ লাখ টাকার ১৭ বিঘা জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকা | ৫ জানুয়ারি ২০২৬
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। আদালত আনিসুল হকের তিনটি গাড়ি ও ১৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম গাড়িসহ সম্পত্তি জব্দের আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে আনিসুল হক ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন। এটি মানিলন্ডারিং এবং দুর্নীতি-ঘুষ সংক্রান্ত অপরাধের অংশ হিসেবে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস আড়াল করার উদ্দেশ্যে করা হয়েছে।
আদালত বলেছে, সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এসব সম্পত্তি জব্দ করা অত্যন্ত প্রয়োজন। জব্দ না করলে তা বিক্রি বা হস্তান্তর হতে পারে, ফলে বিচারকালে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না এবং রাষ্ট্রকে অপূরণীয় ক্ষতি হতে পারে।
শুনানি শেষে আদালত আনিসুল হকের তিনটি গাড়ি এবং ১৭ বিঘা জমি জব্দের আদেশ দেন।