গতকাল রংপুরে ১১ দলের বিভাগীয় সমাবেশে কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম ভারতের উদ্দেশে বলেন, আপনাদের দাসী আপনাদের কাছে চলে গেছে। এখন তো দাসী এখানে নেই। আমরা আপনাদের দাসী নই। যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক করতে চান, কাঁটাতারের বেড়া উঠিয়ে নিন। পুশ-ইন বন্ধ করুন। আর কখনো বলবেন না- রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন, ‘রংপুর দখল করব’, আমরাও বলব, ‘কলকাতা দখল করব।’ আগের দিন শেষ। এখন দাসীদের দৌরাত্ম্য বাংলাদেশে নেই। এই দাসীরা আর কখনও বাংলাদেশে আসতে পারবে না। আমাদের দেশে কেন প্রত্যেক দিন পুশ-ইন করছেন? আমরা কেন ফারাক্কার পানি পাচ্ছি না? তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলো আছে, সেগুলো থেকে পানি কেন আসছে না?
তিনি বলেন, আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি? জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে মানবতার বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ এবং শান্তি-সুখের বাংলাদেশ গড়ে তোলা জন্য, যেখানে চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। মানুষ নিজ নিজ কর্মকাণ্ড নিয়ে সুখে-শান্তিতে বসবাস করবে। আমরা মানবতার বাংলাদেশ চাই।