সাম্প্রতিক সশস্ত্র সংঘাতের সময় আরব আমিরাতে ডেটা সেন্টার ধ্বংস করার বড় ধরনের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি জানিয়েছেন, তেহরানের হিসাব অনুযায়ী—পশ্চিম এশিয়া অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং ইসরায়েল যৌথভাবে এই গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারটি ব্যবহার করে আসছিল।
ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা-র সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও ইসরায়েলিদের সরাসরি সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতে এই গোপন ও কৌশলগত ডেটা সেন্টারটি গড়ে তোলা হয়েছিল। তেহরানের দাবি, সমগ্র পশ্চিম এশীয় অঞ্চল এবং আন্তর্জাতিক অঙ্গনের একটি বড় অংশের ওপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছিল শত্রুপক্ষ, যা বর্তমান এই যুদ্ধের মাধ্যমে পুরোপুরি ব্যর্থ করে দেওয়া হয়েছে।
এদিকে শুধু সাইবার বা প্রযুক্তিগত অবকাঠামোই নয়, সামরিক দিক থেকেও শত্রুপক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে দাবি করেছেন ইরানি জেনারেল। তার ভাষ্যমতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে প্রায় ১৪টি গুরুত্বপূর্ণ কৌশলগত এবং ৩টি সহায়ক সামরিক ঘাঁটি হারিয়েছে প্রতিপক্ষ। সব মিলিয়ে প্রায় ১৭টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হাতছাড়া হয়েছে, যেগুলোর পেছনে বিগত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিশাল অংকের বিনিয়োগ করা হয়েছিল।