কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার বড় ছেলে ডা. আফতাব ইউসুফ রাজ গণমাধ্যমকে জানান, চিকিৎসাধীন অবস্থায় তার বাবার মৃত্যু হয়েছে। তবে জানাজা ও দাফনের সময় ও স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
তার মৃত্যুতে রাজনৈতিক, আইনাঙ্গন ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।