ডেস্ক রিপোর্ট, ০৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও উগ্র পোস্ট করেছেন, যা কংগ্রেস এবং আন্তর্জাতিক পর্যায়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
ইস্টার সানডেতে হরমুজ প্রণালি খুলে দিতে অস্বীকার করলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি একই সঙ্গে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ব্যাপক বোমাবর্ষণের হুমকিও পুনর্ব্যক্ত করেছেন।
যুক্তরাষ্ট্রের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ ট্রাম্পের এই পোস্টকে ‘বেপরোয়া’ ও বিপজ্জনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যুদ্ধাপরাধের মাধ্যমে কিছুই অর্জন করা সম্ভব নয়; প্রকৃত সমাধান হলো ইরানি জনগণের অধিকারকে সম্মান করা।
ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, “যখন দেশবাসী ইস্টার উদযাপন করছে, তখন প্রেসিডেন্ট উন্মাদভাবে প্রলাপ বকছেন।” কানেকটিকাটের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি এই মনোভাবকে ‘চূড়ান্তভাবে ভারসাম্যহীন’ উল্লেখ করেছেন এবং ২৫তম সংশোধনী প্রয়োগের পরামর্শ দিয়েছেন।
ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেছেন, ট্রাম্পের এমন ভাষা নতুন নয়; তিনি ইতিপূর্বে ইরানের ওপর হামলার প্রস্তাব দিয়েছিলেন। সাবেক কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিনও ট্রাম্পের এ উগ্র পোস্টের তীব্র নিন্দা জানিয়েছেন।