মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা নতুন করে চরম রূপ নিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র হামলা পাল্টাপাল্টিভাবে অব্যাহত থাকার মধ্যে ইউএস সেন্ট্রাল কমান্ড (CENTCOM) টানা নবম রাতের মতো তাবরিজসহ ইরানের আটটি প্রধান শহরের বিভিন্ন কৌশলগত মিসাইল ও ড্রোন লঞ্চ সাইট লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে।
এর ঠিক কিছুক্ষণ আগেই উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ থেকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) বড় ধরনের পাল্টা পদক্ষেপ নেয়। তারা কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডানের বিমানবন্দরসহ বিভিন্ন মার্কিন ও মিত্র ঘাঁটিতে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই আকস্মিক পাল্টাপাল্টি আক্রমণে আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এদিকে, ইরানের পক্ষ থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করতে জর্ডানের বিভিন্ন শহরে জরুরি ভিত্তিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defense) সম্পূর্ণ সক্রিয় করা হয়েছে। আকাশসীমা সুরক্ষায় মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোও সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যকার এই সামরিক উত্তেজনা যেভাবে বাড়ছে, তাতে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক মহল উভয় পক্ষের এই সংঘাত নিরসনে এখন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।