ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশন আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার সকাল ৯টা হতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনা’য় অনুষ্ঠিত হচ্ছে।
কনভেনশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকীর সঞ্চালনায় সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
দেশের পরিবর্তনকামী, উদ্যমী ও সম্ভাবনাময় তরুণদের ঐক্যবদ্ধ করে একটি সুন্দর, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে আয়োজিত এ কনভেনশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই বিপুলসংখ্যক যুবক অংশগ্রহণ করেছেন।
জাতীয় যুব কনভেনশনে বিকেল ৩:৩০ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলবেন এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর চলতি সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করবেন।
প্রথম অধিবেশনে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ, সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট আব্দুল বাসেত, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার, জয়েন্ট সেক্রেটারি মুফতি শামসুদ্দোহা আশরাফী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, ইসলামী আইনজীবী পরিষদ এর সেক্রেটারি এডভোকেট হানিফ মিয়া, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ এর সভাপতি আলহাজ্জ আবুল কাশেম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমাদ, কামাল উদ্দিন, মোহাইমিন পটোয়ারী প্রমুখ।
জুমার পর দ্বিতীয় অধিবেশনে সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোছাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীমসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করবেন।