জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, আমরা ১১ দলীয় ঐক্য নির্বাচনের পর থেকেই গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে যাচ্ছি। আমরা এই দেশের জনগণের প্রতিনিধি হিসেবে যে ৭০% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিলেন সেই জনগণের প্রতিনিধি হিসেবে তাঁদের দাবি আদায়ের জন্য কষ্ট করে সবাই একত্রিত হয়েছেন। আমরা নির্বাচনের আগে দেখেছি যিনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন একটি নির্বাচনী সভায় অনুরোধ করে বলেছিলেন আপনারা সবাই গণভোটে হ্যাঁ ভোট দিবেন। কিন্তু নির্বাচনের পরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য যেই সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা সেই সংবিধান সংস্কার পরিষদের শপথ তাঁরা নিলেন না।
তিনি বলেন, যে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার অনুরোধ করেছিলেন সেটা নিয়ে তিনি আর কোথাও কোন মুখ খুললেন না। এই জাতির সাথে এদেশের জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে দিনে-দুপুরে প্রতারণা করে তাঁরা সরকার চালিয়ে যাচ্ছেন। তারপরও বাংলাদেশ যেহেতু একটা দীর্ঘসময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল ১১ দলীয় জোট সংসদে এক সাথে কাজ করার কথা বলেছে। সরকারকে সহযোগিতা করার কথাও বলেছে। কিন্তু আমরা দেখি এই সরকার শুধুমাত্র আমাদের জনগণের গণভোটের রায়ের সাথে যে প্রতারণা করেছে তা না, তাঁরা দেশ পরিচালনার ক্ষেত্রেও বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
তিনি আরও বলেন, আমরা দেখছি বিগত ১৭ বছরের আওয়ামী শাসন আমলে যে গুম খুন ঘটেছে এবং সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে যেই গণহত্যা সংঘটিত হয়েছে সেই গণহত্যার বিচারের কোন অগ্রগতি নাই। আপনারা হয়তো দেখছেন আপনাদের এলাকায় যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের সাথে সমঝোতা করে সরকারি দল রাজনীতি করছে।
তিনি বলেন, আমরা দেখেছি এই দেশে জনগণের জীবন দেওয়ার যে কারণ রাষ্ট্রের একটা সংস্কারের মধ্য দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। সেই সংস্কার তো সরকার করেই নাই, করছেই না, পাশাপাশি নির্বাচনের আজকে চার পাঁচ মাস হলো এর মধ্যেই বিদ্যুতের দাম বাড়াবো না বলেও রেকর্ড পরিমাণে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তেলের দাম বাড়াবো না বলেও রেকর্ড পরিমাণ তেলের দাম বাড়ানো হয়েছে। আগে আমার দেশের জনগণ যে বাজার একশ টাকা দিয়ে করতো সেই বাজার এখন দেড়শ টাকা দিয়ে করতে হচ্ছে। সুতরাং এই স্বল্প সময়ে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে তারা সফল হবে সেইটা কিন্তু আমাদের সবার দেখা হয়ে গেছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই দেশের স্বার্থে কিন্তু সরকার যদি দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, জনগণের প্রতিনিধি হিসেবে, বিরোধী দল হিসেবে সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হতে পারে।
সজিব ভূঁইয়া আরও বলেন, আমরা আশা করবো তাঁদের শুভবুদ্ধির উদয় হবে। তাঁরা জুলাই সনদ, গণভোটের গণরায় বাস্তবায়ন করবে। তাঁরা দেশ পরিচালনায় জনগণমুখী হয়ে দেশ পরিচালনা করবে। যদি তাঁরা সেটা করে এবং সেই সদিচ্ছা তাঁরা দেখায় তাহলে আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবো। কিন্তু যেই পথে তাঁরা এগুচ্ছে এই পথ বাংলাদেশকে কোনো ভালো দিকে নিয়ে যাবে না।