ভারতের জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে , মাদাগাস্কারের পতাকাবাহী ‘মারিভেক্স’ নামের একটি ভারতীয় তেল ট্যাঙ্কারে ওমানের উপকূলে আগুন লেগেছে।
স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিটে জাহাজটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। জাহাজটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন এবং তারা সকলেই বর্তমানে সম্পূর্ণ নিরাপদ আছেন।
ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজ চলাচল মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত ভারতীয় মিশন, ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষা করছে।
ফেডারেল বন্দর ও জাহাজ চলাচল মন্ত্রণালয়ের পরিচালক উপেশ কুমার শর্মা জানিয়েছেন, মাদাগাস্কারের পতাকাবাহী এই তেল ট্যাঙ্কারটিতে ঘটনার সময় কোনো কার্গো বা পণ্য ছিল না।