প্রকাশঃ ০৭ এপ্রিল ২০২৬
অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুলের কাছে ইসরাইলি ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। হামলার সময় স্থানীয়রা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিলেন।
অবরুদ্ধ গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল একটি স্কুলের কাছে সোমবার (৬ এপ্রিল) ইসরাইলি ড্রোন হামলা চালায়। ডেইলি সাবাহ-এর রিপোর্ট অনুযায়ী, এতে অন্তত ১০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার আগে স্থানীয়রা জানান, ইসরাইল সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী স্কুলে ঢুকে কয়েকজনকে অপহরণের চেষ্টা করেছিল। এ ঘটনার পর বাসিন্দাদের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্ব দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক, তা এখনো নিশ্চিত নয়। প্রত্যক্ষদর্শী আহমেদ আল-মাঘাজি বলেন, সশস্ত্র গোষ্ঠীর হামলার প্রতিরোধের সময় ইসরাইলি বাহিনী সরাসরি হামলা চালায়।
অন্যদিকে, একই দিনে প্রকাশিত এক ভিডিও বার্তায় গোষ্ঠীর এক নেতা দাবি করেন, তারা হামাসের অন্তত পাঁচ সদস্যকে হত্যা করেছে। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০০৭ সাল থেকে গাজা শাসনকারী হামাস ও ইসরাইল উভয়ই ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭১৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৯৪০ জন আহত হয়েছেন।