দেশে চলমান তীব্র গ্যাস সংকটে নাগরিকদের চরম ভোগান্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এক বিবৃতিতে এ্যাডভোকেট জুবায়ের বলেন, দেশের সাধারণ নাগরিকরা বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্য এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে ভুগছেন। নাগরিকদের বাসাবাড়িতে দৈনন্দিন রান্নাবান্না, সিএনজিচালিত গাড়ি ব্যবহার এবং কলকারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।
তিনি আরও উল্লেখ করেন, বেশ কিছুদিন ধরে এই তীব্র গ্যাস সংকটের কারণে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ফলে প্রতিদিন নাগরিকদের লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং জনদুর্ভোগ চরমে উঠেছে। দেশবাসী মনে করছে, গ্যাসের এই চরম সমস্যার পেছনে অবৈধ গ্যাস সংযোগ এবং সংশ্লিষ্ট মহলের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশে দায়ী। কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর কোনো পাঁয়তারা চলছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
নাগরিকদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের চাহিদার আলোকে নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খনন এবং বিদ্যমান কূপগুলো থেকে গ্যাস উত্তোলন পুরোপুরি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরবচ্ছিন্নভাবে প্রয়োজনীয় এলএনজি আমদানি নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
সরকারের কঠোর সমালোচনা করে এ্যাডভোকেট জুবায়ের বলেন, বর্তমান সরকার নাগরিকদের দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণের দিকে নজর না দিয়ে অসাধু চক্রকে সুবিধা দিতে ব্যস্ত রয়েছে। ফলে সারা দেশে আজ এই ভয়াবহ গ্যাস সংকট দেখা দিয়েছে। চলমান এই সংকট দ্রুত নিরসন করে সাধারণ জনগণকে অবিলম্বে স্বস্তি দিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।