২৪ জুলাই রাতে রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে শক্তিশালী বোমা (আইইডি) উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার। ২৫ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “রাজধানীর অন্যতম জনবহুল ও ব্যস্ত এলাকা মতিঝিল মেট্রো স্টেশনের নিচে এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরক বা বোমা উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা আজ গুরুতর প্রশ্নের মুখে পড়েছে। এ ধরনের হীন ও দেশবিরোধী কর্মকাণ্ডের মূল উদ্দেশ্যই হলো জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া।”
তিনি আরও বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো দেশবিরোধী চক্রান্ত ও অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ ও তৎপর থাকতে হবে। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। আমি মেট্রো স্টেশনসহ সারা দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
একই সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণকালে স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ঘটনার নেপথ্যের কুশীলবদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের খুঁজে বের করতে হবে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যক্কারজনক নাশকতা চালানোর সাহস না পায়।”
পরিশেষে তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের জীবন ও সম্পদের সুরক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো উসকানি ও নাশকতার বিরুদ্ধে সর্বদাই সতর্ক থাকার আহ্বান জানান।