চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে চ্যানেল ওয়ানের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আইনজীবী এনেক্স ভবনের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিকরা হলেন—চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনওয়াজ রিটন এবং ক্যামেরাপারসন অমিত দাশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতর থেকে লাইভ সম্প্রচার করছিলেন ওই দুই সাংবাদিক। এ সময় বিএনপি সমর্থিত কয়েকজন আইনজীবী তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে ৮ থেকে ১০ জন মিলে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
জানা গেছে, নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগেই জামায়াতপন্থি প্রার্থীরা নির্বাচন বয়কট করেন। অন্যদিকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরাও নির্বাচনে অংশ নিতে পারেননি। ফলে সকাল থেকেই একতরফা ভোটগ্রহণ চলছিল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, টেলিভিশনের লাইভ সম্প্রচারে একতরফা ভোটের বিষয়টি তুলে ধরা হচ্ছে—এমন সন্দেহ থেকেই সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
আহত সাংবাদিক শাহনওয়াজ রিটন বলেন,
“নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই আমরা ভোটকেন্দ্র থেকে লাইভ করছিলাম। হঠাৎ কয়েকজন আইনজীবী আমাদের দিকে তেড়ে আসে। পরে তারা হামলা চালিয়ে আমাদের মারধর করে এবং আওয়ামী লীগের দালাল বলে কেন্দ্র থেকে বের করে দেয়।”
ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় এখনো কোনো মামলা বা আটক সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।