রাজধানীর পল্লবীতে মেধাবী শিশু শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের প্রকাশ্য শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মহিলা বিভাগ।
বৃহস্পতিবার সকাল ১০টায় মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন সংলগ্ন ইসলামী ব্যাংক হাসপাতালের পূর্ব পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা।
বক্তব্যে তিনি বলেন,
“যেভাবে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত বর্বর ও অমানবিক। আমরা অবিলম্বে ঘাতক দম্পতির দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যেন ভবিষ্যতে আর কোনো নিষ্পাপ শিশুকে এভাবে প্রাণ হারাতে না হয়।”
ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আমেনা বেগমের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে আরও বক্তব্য দেন ইয়াসমিন জলি, নাজমুন নাহার, নুরুন্নাহার পলি, আকলিমা ফেরদৌসী, ফাতেমা আক্তার হ্যাপি এবং অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন মহুয়া।
বক্তারা সমাজে ক্রমবর্ধমান অপরাধ, মাদক বিস্তার ও সামাজিক অবক্ষয়ের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে রামিসা হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধন থেকে সরকারের কাছে ১২ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল—
- ৪৮ কার্যদিবসের মধ্যে তদন্ত ও বিচার সম্পন্ন করা
- ঘাতক দম্পতির মৃত্যুদণ্ড নিশ্চিত করা
- নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা
- রামিসার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা প্রদান
- প্রতিটি এলাকায় ‘শিশু সুরক্ষা সেল’ গঠন
- ভাড়াটিয়াদের তথ্য যাচাই বাধ্যতামূলক করা
- মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ
- অনলাইনে পর্নোগ্রাফি ও নারীর প্রতি হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া
- শিশুদের জন্য পৃথক অধিদপ্তর ও বিশেষ বাজেট প্রণয়ন
মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।