স্টাফ রিপোর্টার, ০২ মার্চ ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাজপথ ও সংসদে শক্ত অবস্থান বজায় রেখে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে ফেলা হবে। তিনি বর্তমান সংসদকে ‘সংবিধান সংস্কার পরিষদ’ ঘোষণা করার এবং রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে আইনের আওতায় আনার আহ্বান জানান।
গত রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) জাতীয় যুবশক্তির ইফতার মাহফিলে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সংসদ জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা বহন করছে। সংসদ অধিবেশনে চলতি অধ্যাদেশসমূহ অনুমোদন করা এবং বিচার ও সংস্কারের কার্যক্রম বাস্তবায়ন জরুরি।
তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষ নিহত হয়েছেন এবং হাজারো মানুষ আহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এনসিপির অঙ্গীকার। শরীফ ওসমান হাদিসহ সকল হতাহতদের জন্য ন্যায্য বিচার আদায় করা হবে।
নাহিদ বলেন, যুবশক্তি সংগঠিত হচ্ছে এবং এর পরিধি বৃদ্ধি করতে হবে। রাজপথ ও সংসদে সক্রিয় থেকে ফ্যাসিবাদের প্রতিটি চিহ্ন নির্মূল করা হবে। এনসিপি সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করার পাশাপাশি জনগণের পাশে রাজপথেও দৃঢ় অবস্থান বজায় রাখবে।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নতুন সরকারের শপথ নেওয়া হলেও জুলাই সংস্কার পরিষদের কার্যকর ভূমিকা প্রয়োজন, এবং রাষ্ট্রপতির ফ্যাসিস্ট অপকর্মকে বৈধতা দেওয়া সংসদে গ্রহণযোগ্য হবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ।