আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গাজীপুর জেলা ও মহানগরের উদ্যোগে বিজয়ী জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন। সভা পরিচালনা করেন সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা। অনুষ্ঠানের সূচনা করেন এবি পার্টির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট সুলতানা রাজিয়া।
সভায় আগামী ২৪ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচি “বিজয়ী জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি” অনুষ্ঠানে গাজীপুর থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গাজীপুরে “বিজয়ী জুলাই” উপলক্ষে জেলা ও মহানগরের নিজস্ব কর্মসূচি আয়োজনের পরিকল্পনা এবং এবি শ্রমিক পার্টি, গাজীপুরের আহ্বায়ক কমিটি গঠন নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় কেন্দ্রীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান এবং এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক মো. শেখ জামাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের যুগ্ম সদস্য সচিব মো. মইনুল ইসলাম সরকার, সহকারী সদস্য সচিব মো. হারুন হাওলাদারসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।