স্টাফ রিপোর্টার | প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রমে তদারকি জোরদার করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে।
শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দেশের জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দেশের সব পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি ট্যাগ অফিসার নিয়োগ করবে।
অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তারা নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করবেন এবং দৈনিক প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দিয়ে সংশ্লিষ্ট তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য সব দপ্তর ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।