মার্কিন প্রেসিডেন্ট তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে (Truth Social) “ঝড়ের আগের শান্ত পরিস্থিতি” ক্যাপশন দিয়ে একটি এআই-জেনারেটেড গ্রাফিক ছবি পোস্ট করে ইরানকে চুক্তি করার তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। ছবিতে ঝড়ো সমুদ্রের পটভূমিতে মার্কিন নৌবাহিনীর একজন অ্যাডমিরাল এবং ডোনাল্ড ট্রাম্পকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে দূরে একটি জাহাজে ইরানের পতাকা উড়ছিল।
ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে (BFM TV) দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেন, ইরানকে দ্রুত চুক্তি করতে হবে। চুক্তি না করলে তাদের চরম ভোগান্তি পোহাতে হবে এবং খুব খারাপ সময়ের মুখোমুখি হতে হবে।
ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত করতে রাজি হয়, তবে তিনি তা মেনে নেবেন। তবে এই সময়ের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং জ্বালানি পুরোপুরি অপসারণ নিশ্চিত করতে হবে
মার্কিন গণমাধ্যমগুলোর সূত্রমতে, হোয়াইট হাউস ও পেন্টাগনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের পরিকল্পনা প্রস্তুত করে রেখেছেন। চুক্তি ব্যর্থ হলে ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিমান হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে।