নোয়াখালী, ৩০ জানুয়ারি ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলির সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অন্যথায় নির্বাচনি মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও হুঁশিয়ারি দেন আবদুল হান্নান মাসউদ।
তিনি বলেন, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তার ৮ থেকে ১০ জন সমর্থকের ওপর অতর্কিত হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। হামলায় কয়েকজন সমর্থক গুরুতর আহত হন এবং কয়েকজনকে নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
হান্নান মাসউদ বলেন, “এই সন্ত্রাসীরা চিহ্নিত। সরকারি তালিকায় যাদের নাম আছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন, প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। “এই অবস্থায় আমরা নির্বাচনের মাঠে থাকবো কি না, তা নতুন করে ভাবতে বাধ্য হচ্ছি,”—বলেন তিনি।
এর আগে একই দিন দুপুরে হাতিয়ার ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় শাপলা কলির একাধিক কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।