মিডল ইস্ট আই সংবাদ এর বরাত দিয়ে ডেইলি ক্রাইসিস বিডি জানিয়েছে, আরব আমিরাত এবং ইসরায়েল যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা এবং তৈরি করার জন্য একটি বিশেষ তহবিল গঠন করেছে এই উদ্যোগের লক্ষ্য হলো প্রধানত ড্রোন প্রতিরোধী ব্যবস্থা এবং অন্যান্য উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যৌথভাবে সংগ্রহ ও বিকাশ করা।
এই যৌথ তহবিল গঠন প্রধানত ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি মোকাবিলায় আমিরাতের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের সময় এই প্রতিরক্ষা অংশীদারত্ব চূড়ান্ত করা হয়েছিল। আমিরাত ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন- ‘আয়রন ডোম’ (Iron Dome), ‘আয়রন বিম’ (Iron Beam) লেজার সিস্টেম এবং ‘স্পেকট্রো’ (Spectro) নজরদারি প্রযুক্তিতে বিনিয়োগ ও ব্যবহারের সুযোগ পাচ্ছে।
২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডস-এর (Abraham Accords) আওতায় এই দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা দ্রুত বৃদ্ধি পেয়েছে।