ঢাকা, ১১ নভেম্বর ২০২৬:
দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতা বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “এই পুরস্কার অনুষ্ঠান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেবে। আমি বিশ্বাস করি, দায়িত্বশীল গণমাধ্যমই পারে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নিতে।”
তিনি বলেন, গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; বরং পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও অর্থবহ ও গতিশীল করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগ দুই দেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।
মন্ত্রী আরও বলেন, সাংবাদিকতার গুণগত মান ও পেশাগত উৎকর্ষ বিকাশে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অর্জন অন্য গণমাধ্যমকর্মীদেরও মানসম্মত ও সৃজনশীল সাংবাদিকতায় উৎসাহিত করবে।
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ পুরস্কার অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতাদের চারটি বিভাগে মোট ২৬ জনকে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে অর্থমূল্যের চেক, স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী, সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সংবাদ সংস্থার সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কাদের গনি চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।
সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের আয়োজনে এবং বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠান এতে সহযোগিতা করে।