নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহফিল শেষে ফেরার পথে ইসলামি বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর গাড়িতে ডাকাতি, আহত হয়েছেন গাড়ির চালক ও সহযোগী।
নারায়ণগঞ্জ, বাংলাদেশ | ৫ জানুয়ারি ২০২৬
রোববার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর গাড়িতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় গাড়ির চালক ও ইসলামী বক্তার সহযোগী গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, মাহফিল শেষ করে ফেরার সময় কল্যান্দী মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটি থামিয়ে ভাঙচুর চালায়। ডাকাতদের আক্রমণে পরিস্থিতি ভীতিকর হয়ে ওঠে। ধারালো অস্ত্র ব্যবহার করে ডাকাতেরা ইসলামী বক্তার সহযোগী ও গাড়ির চালকসহ উপস্থিত সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
ঘটনার একপর্যায়ে ডাকাতরা আহতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।