ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরাকের রাজধানী বাগদাদে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, হরমুজ প্রণালির সম্পূর্ণ প্রশাসনিক নিয়ন্ত্রণ ও দায়িত্ব শুধুমাত্র ইরানের। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকার সাথে হওয়া সমঝোতা চুক্তিকে পাশ কাটিয়ে হরমুজ প্রণালির নৌপথ পরিবর্তনের যেকোনো হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে ‘উত্তেজনা আরও বাড়িয়ে দেবে’ এবং প্রণালিটি পুনরায় সচল করার প্রক্রিয়াকে বিলম্বিত করবে।
আরাঘচি জানান, চুক্তির সব শর্ত (বিশেষ করে লেবানন ও ইসরায়েল সংক্রান্ত ধারাগুলো) ওয়াশিংটনকে অবশ্যই মেনে চলতে হবে। তিনি উল্লেখ করেন যে, ইসরায়েল এখনো লেবাননে বিমান হামলা চালাচ্ছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলকে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য করার জন্য তিনি আমেরিকার প্রতি আহ্বান জানান।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন এই সংবাদ সম্মেলনে আমেরিকার সামরিক হামলার তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, এই যুদ্ধ চলতে থাকলে তা কেবল একটি দেশ নয় বরং পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দেবে।
ইরাকি পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দ্রুত হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং ইরানের ওপর থেকে সব ধরণের নৌ-অবরোধ তুলে নেওয়ার ওপর জোর দেন।