আমতলী (বরগুনা), ০১ এপ্রিল ২০২৬
বরগুনার আমতলীতে মাত্র ৩ ফুট জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে জরিনা বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় আব্দুর রব হাওলাদার ও তার ভাগ্নে লিটন সিকদারের মধ্যে তিন ফুট জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত রোববার সকালে ওই জমিতে আব্দুর রব হাওলাদারের জামাতা সেনাসদস্য শাহজাহান ও তার দুই ছেলে রাকিব লোকজন নিয়ে কাজ শুরু করেন। এ সময় প্রতিবেশী লিটন সিকদার বাধা দিলে শাহজাহান, তার দুই ছেলে এবং সঙ্গে থাকা লোকজন লিটন সিকদারকে মারধর করেন।
লিটন সিকদারকে রক্ষা করতে গেলে তার ভাই রিপন সিকদারকেও মারধর করা হয়। পরে দুই ছেলেকে বাঁচাতে জরিনা বেগম এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
স্বজনরা গুরুতর আহত অবস্থায় জরিনা বেগমকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে উভয় পক্ষ থেকেই অভিযোগ পাওয়া গিয়েছিল।