ঢাকা | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সুলভমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, এ কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ১০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।
বৃহস্পতিবার সকালে মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে রমজান মাসে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুধ, ডিম, মাংস ও মাছসহ প্রোটিনসমৃদ্ধ খাদ্য সুলভমূল্যে সরবরাহের ফলে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বৃদ্ধি করলে নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। সরকারের এ উদ্যোগ তাদের কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান জনগণের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কষ্ট স্বীকার করেছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি।
প্রাণিসম্পদ অধিদপ্তর–এর মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল–এর সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন–এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। এছাড়াও মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।