অনলাইন ডেস্ক | ০৪ মার্চ ২০২৬
যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভয়নগরের গুয়াখোলা গ্রামের শাহীমোড়, নওয়াপাড়া মডেল স্কুল এলাকা এবং তালতলা রেলস্টেশন এলাকায় মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু, সহায়তা করেছে অভয়নগর থানা পুলিশ।
পৃথক অভিযানে আটক চার যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় দণ্ড প্রদান করা হয়।
- গুয়াখোলা গ্রামের মৃত শওকত শেখের ছেলে বাবুল শেখ (২৮) – গাঁজাসেবন ও বহনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা।
- মহাকাল গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম (৩০) – গাঁজাসেবন ও বহনের দায়ে ১ বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা।
- মহাকাল গ্রামের নজরুল ইসলামের ছেলে আজাদ বিশ্বাস (২৯) – গাঁজাসেবন ও বহনের দায়ে ১ বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা।
- জাফরপুর গ্রামের মৃত আব্দুল হালিম মোল্যার ছেলে সুমন মোল্যা (৩৮) – ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের দায়ে ১ বছরের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে রাত সাড়ে ১২টার দিকে থানা হেফাজতে নেওয়া হয় এবং বুধবার সকালে তাদের যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।