ঢাকা, ২ নভেম্বর ২০২৫:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “বিএনপি আজও তাদের পুরনো স্বভাব ত্যাগ করতে পারেনি। তাদের চিন্তা-চেতনায় এখনো সৈরাচারী মানসিকতা কাজ করছে।”
শনিবার বিকেলে রাজধানীর একটি রাজনৈতিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তাহের বলেন, “গণতন্ত্রের কথা বললেও বিএনপি নিজের ভেতর গণতন্ত্র চর্চা করে না। নেতৃত্ব নির্ধারণ থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ—সব কিছুই কেন্দ্রীয়ভাবে চাপিয়ে দেওয়া হয়। জনগণের ইচ্ছা ও কর্মীদের মতামত সেখানে মূল্যহীন।”
তিনি আরও বলেন, “আজকে তারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। অথচ গণআন্দোলনের জন্য প্রয়োজন আদর্শ ও নৈতিক অবস্থান, যা বিএনপির রাজনীতিতে অনুপস্থিত। তারা জনগণের কল্যাণ নয়, বরং ক্ষমতায় ফিরে গিয়ে আবারও দমন-পীড়নের রাজনীতি চালাতে চায়।”
সৈয়দ তাহের মনে করেন, “দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সকল দলকে আত্মসমালোচনার মানসিকতা রাখতে হবে। যে দলের ভেতরে জবাবদিহিতা নেই, তারা কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না।”
তিনি রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক সম্মানবোধের ওপর জোর দিয়ে বলেন, “বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দলগুলোকে ক্ষমতার রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে।”
সভায় অন্য বক্তারাও বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও আন্দোলনের কৌশল নিয়ে সমালোচনা করেন এবং শান্তিপূর্ণ রাজনীতির আহ্বান জানান।