জগন্নাথপুর (সুনামগঞ্জ) | প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা চার্জের মাত্র ৫০ টাকা পাওনা দেওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬ বছর বয়সী চালক ইমরান হোসেন।
ঘটনা ঘটে ২৪ মার্চ রাত সাড়ে ৭টার দিকে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) এলাকার বাদশাহ মিয়ার গ্যারেজে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান হোসেন অটোরিকশার চার্জ থেকে ৫০ টাকা কম দিতে চাইলে গ্যারেজ মালিক বাদশাহ ও তার সহযোগী জাকির উত্তেজিত হয়ে তাকে বেধড়ক মারধর করেন। তারা ইমরানকে জিআই পাইপ, মুগুর ও সুপার গাছের কঞ্চি দিয়ে মারধর করে।
আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টায় তিনি মারা যান।
এই ঘটনায় জগন্নাথপুর থানার পুলিশ অভিযুক্ত জাকিরকে (৩৫) গ্রেপ্তার করেছে। মূল অভিযুক্ত বাদশাহ মিয়া এখনও পলাতক। স্থানীয় ইউপি সদস্য মো. লাকু মিয়া জানিয়েছেন, ঘটনার সময় বারবার বারণ করলেও কিশোরটিকে নির্মমভাবে আঘাত করা হয়।
নিহতের চাচা আকিদ আলী সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের পিতা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ অন্য অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে।