ফরেন পলিসি ম্যাগাজিন একটি বিশ্লেষণে লিখেছে যে, ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত ও তার পরবর্তী পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির অন্যতম বড় ব্যর্থতা হিসেবে গণ্য হচ্ছে। ইরান বৈশ্বিক জ্বালানি বাজারে বিঘ্ন ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ওপর যে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে, তা ট্রাম্প প্রশাসন সঠিকভাবে অনুমান করতে পারেনি। যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ায় ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।
ওয়াশিংটন পোস্টের মতে, ইরান ১৫টি মার্কিন সামরিক ঘাঁটির ২১৭টি স্থাপনায় আঘাত হেনেছে এবং বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অন্তত ৯টি ঘাঁটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম ৫০ শতাংশ এবং ডিজেলের দাম ৫৯ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল তার বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৪ শতাংশ থেকে কমিয়ে ৩.১ শতাংশ করেছে এবং এটি আরও ২ শতাংশ পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।