ঢাকা, শনিবার: কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ চ্যালেঞ্জ জানান।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর অভিযোগের প্রেক্ষিতে লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন আসিফ মাহমুদ।
লাইভে তিনি বলেন, প্রতিমন্ত্রীর আনা অভিযোগের স্পষ্টতা প্রয়োজন। কোন ফাইলে অনিয়ম হয়েছে, সেটি জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, “কোন অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে।”
আসিফ মাহমুদ আরও বলেন, কোনো সচিব বিদেশে থাকা বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকলে জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে এবং সেটি মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনেই সম্পন্ন হয়। “সেরকম কিছু হয়ে থাকলে সেখানে আইনের ব্যত্যয় নেই,” বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছেন।
এছাড়া তিনি জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন কমিটির কার্যক্রমে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার আমলের অনিয়ম তদন্তে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, টেন্ডার দেওয়ার পর কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। দ্রুত সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।