এমপিওভুক্তির দাবিতে ঈদ বর্জনের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাদরাসা বন্ধ রাখার হুঁশিয়ারি
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা এবার কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ঈদ বর্জনের পাশাপাশি ঈদের দিন প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরারোববার দুপুরে ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত করার দাবিতে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করেন শিক্ষকরা। তবে পথে পুলিশ তাদের বাধা দেয়। পরে সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষক নেতারা বৈঠক করে নতুন কর্মসূচির ঘোষণা দেন।
‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটি’র সদস্যসচিব আব্দুল হান্নান হোসেন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এমপিওভুক্তির যে আশ্বাস দিয়েছিল তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথ ছাড়বেন না। ঈদের দিনও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে পদযাত্রা করবেন।
গত বৃহস্পতিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা। আজ ছিল আন্দোলনের পঞ্চম দিন।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, দেশে অনুদানভুক্ত এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসে পাঁচ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পান। এছাড়া আরও প্রায় ছয় হাজার ইবতেদায়ি মাদরাসা রয়েছে, যেগুলো কোনো সরকারি অনুদান পায় না।
উল্লেখ্য, ২০২৫ সালের শুরুতে অন্তর্বর্তী সরকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত ও জাতীয়করণের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।
আব্দুল হান্নান হোসেন, সদস্যসচিব, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটি:
“এমপিওভুক্তির ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা ঈদ বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করব এবং ঈদের দিন প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে পদযাত্রা করব।