বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সংসদের মর্যাদা কেবল তার সাংবিধানিক ক্ষমতার উপর নির্ভর করে না। এটি নির্ভর করে জনগণের আস্থার উপর।
তিনি আজ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ-সদস্যগণের জন্য “সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম” শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সংসদ পরিচালিত হয় সংবিধান ও প্রাসঙ্গিক আইনগত কাঠামো দ্বারা। কার্যপ্রণালী-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান সংসদ-সদস্যদের উপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলি বাস্তবায়নের জন্য সহায়তা করে।
স্পীকার আরও বলেন, কার্যপ্রণালী বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়। এটি দায়িত্ব বাস্তবায়নের হাতিয়ার এবং প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকার জন্য কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক।
স্পীকার বলেন, সংসদের গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব আইন প্রণয়ন, তদারকি ও নির্বাহী বিভাগকে জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তির আওতায় এনে সংসদ-সদস্যদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা। তিনি বলেন, সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না; গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালী বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে পরিচালিত হয়।
তিনি বলেন, সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ড দূতাবাস এর ‘Strengthening Institutions, Policies and Services (SIPS)’ প্রোগ্রাম সংসদ-সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে সহযোগিতা করে যাচ্ছে।