ইউক্রেনে চলমান যুদ্ধের জেরে এবং অর্থনীতিতে ব্যাংকিং সংকট তৈরি করার জন্য রাশিয়ার ওপর ২১তম নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই নতুন প্যাকেজের মূল লক্ষ্য রাশিয়ার ব্যাংক ও ক্রিপ্টো নেটওয়ার্ক, যার আওতায় ৯০টি রুশ ব্যাংককে নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হচ্ছে।
নতুন এই নিষেধাজ্ঞার আওতাধীন ব্যাংকগুলোর ওপর সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পূর্ণ লেনদেন নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। পশ্চিমা বিধিনিষেধ এড়াতে রাশিয়াকে সাহায্য করছে-এমন ডজনেরও বেশি ক্রিপ্টো প্ল্যাটফর্মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
নতুন করে ৯০টি ব্যাংক যুক্ত হওয়ার ফলে ইইউ কর্তৃক তালিকাভুক্ত রুশ ব্যাংকের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে। এসব ব্যাংক রাশিয়ার আন্তর্জাতিকভাবে সংযুক্ত ঋণদানকারী প্রতিষ্ঠানের অর্ধেকেরও বেশি।