ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র উপদেষ্টা আলি আকবর ভেলায়তি হিজবুল্লাহকে ‘লেবাননের স্বাধীনতার স্তম্ভ’ হিসেবে অভিহিত করেছেন।২৮ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক স্বাধীনতা ছাড়া মুক্তি কেবলই একটি ‘সোনার খাঁচা’। লেবাননের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান-সমর্থিত হিজবুল্লাহর ভূমিকা অপরিহার্য বলে তিনি জোর দাবি জানান।
ভেলায়তি ও ইরানি কর্মকর্তাদের মতে, ইসরায়েলি আগ্রাসন ও আঞ্চলিক হুমকির বিরুদ্ধে হিজবুল্লাহই লেবাননের ভূখণ্ড ও জনগণের একমাত্র নির্ভরযোগ্য ঢাল।
লেবানন সরকার বা আন্তর্জাতিক মহল থেকে যখনই হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের দাবি উঠেছে, ইরান তার তীব্র বিরোধিতা করেছে। ভেলায়তি এর আগে মন্তব্য করেছিলেন যে, হিজবুল্লাহর অস্তিত্ব লেবাননের জন্য ‘রুটি ও পানির চেয়েও বেশি জরুরি’।