উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সাবমেরিন বা পানির নিচের সামরিক সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়ে বলেছেন, সমুদ্রে ও পানির নিচে দেশের সার্বভৌমত্ব প্রয়োগ করার সময় এখন এসেছে।
পূর্ব উপকূলীয় বন্দর নগরী ওনসানে উত্তর কোরিয়ার দ্বিতীয় ৫,০০০ টন ওজনের অত্যাধুনিক গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘কাং কন’ নৌবাহিনীতে যুক্ত করার জমকালো অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই যুদ্ধজাহাজটি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থার [nuclear response system] একটি অংশ হিসেবে কাজ করবে, যা শত্রুপক্ষের ওপর ধ্বংসাত্মক প্রতিশোধমূলক আঘাত হানতে সক্ষম।
কিম জং উন স্পষ্ট জানিয়েছেন, বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলায় নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার প্রক্রিয়া আরও দ্রুত করা হচ্ছে। এই ডেস্ট্রয়ারটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত ক্রুজ মিসাইল উৎক্ষেপণের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে।