ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ প্রশাসন বিভিন্নভাগে অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করেছে। আমরা মনে করছিলাম নির্বাচিত একটি সরকার আসলে হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নত হবে। কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দায়িত্ব পালনের চেয়ে অন্য মন্ত্রণালয়ের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকেন।যার দরুন সারা বাংলাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বিশেষ করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজধানীবাসী।
আজ ১৮সেপ্টেম্বর ৫৫ নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
নগর সভাপতি আরও বলেন, প্রতিদিন রাজধানীর বিভিন্ন জায়গায় লাশ উদ্ধার হচ্ছে; ছোট ছোট শিশু কিশোর নিখোঁজ হচ্ছে, অচেতন করে সর্বস্ব কেড়ে নিচ্ছে ছিনতাইকারী চক্রের লোকেরা।শত শত দুর্ঘটনার পরও প্রশাসনের লোকজন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। জীবিকার অন্বেষনে রাজধানীতে এসে সর্বস্ব হারানোর শোকের বদলা কি সরকার দিতে পারবে?
বিশেষ অতিথির বক্তব্যে নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহার আর বর্তমান কার্যক্রমে বড় ধরনের পার্থক্য লক্ষ্য করছি।জুলাই সনদের শতভাগ বাস্তবায়নের কথা বলে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় এসেছে। এসব ধোঁকাবাজি সরকারের ভাবমূর্তি এবং মসনদের জন্য হুমকি।এখনো সময় আছে জনগণের কাছে দেয়া ওয়াদা পালনে সচেষ্ট হোন।