অ্যাক্সিওস’ ওয়েবসাইটের সাথে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর আগের বক্তব্য ও হুমকির পুনরাবৃত্তি করেছেন। তিনি দাবি করেন যে, ইরানের সাথে সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতি এমন এক সংকটপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে—আর তা হলো, সংঘাতের অবসানের লক্ষ্যে বড় ধরনের হামলা চালানো হবে কি না।
ট্রাম্প সরাসরি বলেন, আমার সামনে একটি বড় সিদ্ধান্ত আসছে। আমি কি সেখানে ঢুকে তাদের [ইরানি শাসনগোষ্ঠী] সম্পূর্ণ ধ্বংস করে দেব নাকি দেব না? এটি একটি বড় সিদ্ধান্ত। আমার ক্ষেত্রে যেকোনো কিছুই ঘটতে পারে।
ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন নৌ-অবরোধের কার্যকারিতা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, অবরুদ্ধ করার পর থেকে কোনো জাহাজ ইরানে যেতে পারেনি এবং যারা চেষ্টা করেছে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তিনি স্পষ্ট করে দেন যে সামরিক অভিযান শেষ করার চাবিকাঠি বা নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাঁর নিজের হাতে। তিনি উল্লেখ করেন, ইরানে নতুন কোনো লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই এবং তিনি যখনই চাইবেন এই যুদ্ধ শেষ হবে।
একই সাথে ট্রাম্প দাবি করেন, ইরান সরাসরি মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীকে যেকোনো সময় পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য ট্রাম্প আগামী সপ্তাহে পারস্য উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর নেতাদের সাথে বৈঠকে বসবেন।