ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছে কোনো হুমকির মুখে নতি স্বীকার করবে না। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি মার্কিন প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, মার্কিনিরা যদি সত্যিই যোদ্ধা হয়ে থাকে তবে তারা যেন বেসামরিক মানুষের ওপর হামলা না করে ইরানের সশস্ত্র বাহিনীর মুখোমুখি হয়।
পেজেশকিয়ান বলেন, আমেরিকানরা যদি যোদ্ধা হয় তবে তারা আমাদের বীর সামরিক বাহিনীর মুখোমুখি হোক। ওয়াশিংটনের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, কেন তারা বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ এবং মানুষের জীবিকার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে? তারা যদি মানুষ হয়ে থাকে তবে কেন জনগণকে পানি, খাদ্য ও ওষুধ থেকে বঞ্চিত করছে?
তিনি স্পষ্ট করে দেন যে, কোনো ধরনের ভয়ভীতি বা জোর-জুলুমের মাধ্যমে ইরানের জনগণকে আত্মসমর্পণ করানো যাবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনো নতি স্বীকার করবে না।