ইয়েমেনের হুথি সামরিক বাহিনীর মুখপাত্রের দাবি অনুযায়ী, সৌদি সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৬৪টি বিমান হামলা চালিয়েছে। কৌশলগতভাবে বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিতে হুথিরা নতুন করে অভিযান শুরু করার পর এই সংঘর্ষ ও বিমান হামলা তীব্র আকার ধারণ করে।
সৌদি আরবের যুদ্ধবিমানগুলো ইয়েমেনের তাইজ, হোদেইদাহ, মারিব এবং আল-জাওফ প্রদেশে এই হামলাগুলো চালায়। হামলায় সৌদির F-15 এবং টাইফুন জেট ফাইটার ব্যবহার করা হয়েছে। বিমানগুলো সৌদির তায়েফে অবস্থিত কিং ফাহদ বেস এবং খামিস মুশাইতের কিং খালিদ বেস থেকে উড্ডয়ন করে।
বাব আল-মান্দেব প্রণালী হলো বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার এমন এক চাবিকাঠি, যা অচল হলে পুরো বিশ্বের সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে।
বিশ্বের মোট সমুদ্রবাহিত খনিজ তেলের প্রায় ১০% থেকে ১২% (প্রতিদিন প্রায় ৬০ থেকে ৮৮ লক্ষ ব্যারেল) এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। পারস্য উপসাগর থেকে ইউরোপ ও আমেরিকায় তেল এবং প্রাকৃতিক গ্যাস পাঠানোর এটি সবচেয়ে দ্রুততম রুট।