দেশব্যাপী চাঁদাবাজি, সারের ডিলার নিয়োগ দলীয়করণ ও সরকারি চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে নাগরিক সভা করেছে মাদারীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, ডক্টর মুহাম্মদ ইউনুসকে নিউইয়র্কে হেনস্তা করেছে পতিত ফ্যাসিস্ট শক্তি। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। এটাই প্রথম নয়, এর আগেও আওয়ামীলীগ এসব করেছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি।
পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আমাদের নিরাপত্তা দিতে পারেন না। আর যিনি পররাষ্ট্রমন্ত্রী বিদেশে আমাদের নিরাপত্তা দিতে পারেন না। যেই আমেরিকার সাথে তিনি এত চুক্তি করালেন, যেই ডক্টর মুহাম্মদ ইউনুসের মাধ্যমে উনি এ দেশের সরকারের অংশীদার হলেন সেই আমেরিকাতে ডক্টর মুহাম্মদ ইউনুসকে হেনস্তা করা হলো। এটা অবশ্যই ডক্টর খলিলুর রহমানের ব্যর্থতা এবং এর দায় তাকে নিতে হবে, নেওয়া উচিত। আমরা আশা করব এ ধরনের সাহস যাতে কেউ না পায় দেশে এবং বিদেশে, সেজন্য আইনি এবং কূটনৈতিক ব্যবস্থা নিতে হবে।
তারেক রহমানের পরিকল্পনা ব্যর্থ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের অর্থনীতির উপরে কেউ আর আস্থা রাখতে পারছে না। দেশে কোনো বিনিয়োগ আসছে না। দেশীয় ব্যবসায়ী যারা তারাও বিনিয়োগ করতে পারছে না, উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারছে না চাঁদাবাজির কারণে, টেন্ডারবাজির কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে।
মাদারীপুর নিয়ে নাহিদ ইসলাম বলেন, মাদারীপুরের জেলায় এখনো প্রায় ৫৪ শতাংশ দারিদ্র্যের হার। মানুষ এখনো দরিদ্র এবং শিক্ষার হার ৫০ শতাংশেরও কম। মাদারীপুরে স্বৈরাচার আমলে এত উন্নয়নের কথা শুনেছি, এত স্বৈরাচারের নেতা আমরা এখান থেকে দেখেছি, এই মাদারীপুরকে যারা তটস্থ করে রাখত কিন্তু মাদারীপুরের জনগণের জন্য কিন্তু তারা কিছু করে নাই।