বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিদের প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে ‘স্পার্ক’ (Spark) নামে একটি ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে গ্রামীণ কমিউনিকেশনস ও জাপানের উইক কো. লিমিটেড।
সোমবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোশ্যাল বিজনেস ডে-র দ্বিতীয় দিনের আয়োজনের সাইডলাইনে এ উদ্যোগ বাস্তবায়নে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারকে সই করেন জাপানের উইক কো. লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইয়োশিকানে নাকামিচি এবং গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, গ্রামীণ কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানা, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক ব্যবসার নীতির ভিত্তিতে এমন একটি সহযোগিতামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য, যা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের একীভূত ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত করবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং কমিউনিটিভিত্তিক সহযোগিতা জোরদার করা হবে।
‘স্পার্ক’ প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষতাভিত্তিক আয় ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ডিজিটাল প্রোফাইলের মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার মধ্যে সংযোগ স্থাপন করে কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নে সহায়তা করবে।
এ ছাড়া আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র বিনিয়োগ এবং সম্পদ গঠনের সুযোগ সৃষ্টি করে দীর্ঘমেয়াদে বাংলাদেশিদের অর্থনৈতিক সক্ষমতা ও আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।